17/04/2026
কল্পনা করুন সেই কঠিন মুহূর্ত, যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনার আমলনামা প্রকাশিত হবে—আপনার প্রতিটি কাজ, প্রতিটি দুষ্ট চিন্তা, প্রতিটি লুকানো পাপ—সবার সামনে আসবে। এই চিন্তা বারবার মনে আনলে আপনার অন্তরের আবেগ পরিবর্তিত হবে। মনোভাব ও চিন্তার পরিবর্তন দেখা দেবে। অপবিত্র আকাঙ্ক্ষা, বাজে অভ্যাস, অশ্লীল চিন্তা—সবই হ্রাস পেতে শুরু করবে।
ভাবুন, সেই সময় আপনার পাশে থাকবে আপনার বাবা। সেই বাবা, যিনি সারাজীবন দোয়া করেছেন আপনি যেন নেক পথে চলেন। কিন্তু আজ?
কল্পনা করুন, আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আপনার সন্তান। সেই সন্তান, যাকে আপনি শাসন করেছেন, যাকে বারবার বলেছেন, 'বাবা, পাপ করো না, খারাপ কাজ করো না।' যাকে আপনি নসিহত করেছেন, যাকে নির্দেশ দিয়েছেন, তার সামনে আজকে আপনার আমলনামা প্রকাশ পাচ্ছে। সেই সন্তান আজ দেখছে, আপনি নিজেই ছিলেন ভয়ংকর গুনাহে নিমজ্জিত।
কেমন লাগবে সেদিন? সেই লজ্জা, সেই অপমান, সেই ভয়—এই পৃথিবীর কোনো অপমান আর কষ্টের সঙ্গে তুলনা চলে? কিয়ামতের দিন মানুষ বলবে-
"হায় আফসোস, এ কেমন কিতাব! ছোটো-বড়ো কিছুই বাদ দেয়নি। সবকিছুই লিপিবদ্ধ করেছে!” (সূরা কাহফ, আয়াত নং : ৪৯)
যখন আপনি আপনার আমলনামা পাঠ করবেন, তখন আপনার মাথা নিচু হয়ে যাবে। আপনি কাঁপতে থাকবেন। মুখ শুকিয়ে কালো হয়ে যাবে। চারপাশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনার মা, আপনার বোন, আপনার সন্তান, আপনার শিক্ষক, আপনার বন্ধু-সবাই আপনার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাবে। কেউ বিশ্বাসই করতে পারবে না, দুনিয়ার জীবনে আপনি এগুলো করেছিলেন। যে মানুষগুলো দুনিয়াতে আপনাকে ভালো জানত, তারাও আজ আপনার এই কৃতকর্মগুলো দেখে নিজেকে বিশ্বাস করাতে পারবে না। এমতাবস্থায় আপনার মন বলবে -'হায়, যদি আমি মাটিতে মিশে যেতে পারতাম। হায়, যদি আমাকে কেউ না দেখত।'
কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। সেদিন চাইলেও আপনি আপনার মুখ লুকাতে পারবেন না। লজ্জা ঢাকতে পারবেন না। নিজের থেকে পালাতে পারবেন না। সেদিন কোনো মুখোশ কাজে আসবে না। কোনো অযুহাত গৃহীত হবে না। সেই দৃশ্যগুলো কল্পনা করুন। বিচারদিবস আর আমলনামা প্রকাশের মুহূর্তগুলো কল্পনা করুন। আপনি যদি সত্যিই এই দৃশ্যগুলো কল্পনা করতে পারেন, আপনার হৃদয় কেঁপে উঠবে। যদি আপনার ভেতর সামান্যতম লজ্জাবোধ থাকে, তাহলে আপনি আর কখনো পাপের পথে যাবেন না। খারাপ কাজ করবেন না। অশ্লীল পথে পা বাড়াবেন না। কারণ সেই দিনের লজ্জা এত গভীর, এত নির্মম যে, আপনাকে সে ভাবনাগুলোই কাঁপিয়ে তুলবে।
বই: অশ্লীলতার বিরুদ্ধে লড়াই, পৃষ্ঠা নং- .....