04/08/2026
সমুদ্রের কাছাকাছি আসলে আমার মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী শব্দগুলো আসলে উচ্চারণ করা হয় না। কিছু কথা মানুষ বুকের ভেতর বছরের পর বছর বহন করে। কেউ জানে না, কেউ শুনে না। শুধু ভেতরে কোথাও একটানা জোয়ার-ভাটা চলতেই থাকে।
সমুদ্রও বোধহয় তাই এত আপন। সে কখনো জানতে চায় না কেন চোখ ভিজে ওঠে, কেন হঠাৎ দীর্ঘশ্বাস এসে গলায় আটকে যায়। সে শুধু একের পর এক ঢেউ পাঠায়...কিছু ঢেউ তীরে এসে ভেঙে যায়, আবার ফিরে যায় গভীর জলে। মানুষের দুঃখও ঠিক তেমন। কিছু দুঃখ চলে যায়, কিছু থেকে যায়। আর কিছু দুঃখ আমাদের ভেতরে এমনভাবে বাসা বাঁধে, যেগুলো একসময় আমাদেরই অংশ হয়ে যায়। হয়তো এই কারণেই সমুদ্রের দিকে এতক্ষণ তাকিয়ে থাকা যায়। সেখানে নিজের ভাঙাচোরা অংশগুলোকে খুঁজে পাওয়া যায়। মনে হয়, এই বিশাল জলরাশি আমার মতো আরও হাজারো মানুষের নীরব কান্না নিজের বুকে জমিয়ে রেখেছে।
সমুদ্র কখনো কাউকে সান্ত্বনা দেয় না, প্রতিশ্রুতিও দেয় না। তবু তার ঢেউ বারবার এসে মনে করিয়ে দেয়, সব ঝড়ের শব্দ বাইরে শোনা যায় না, সবচেয়ে গভীর ঝড়গুলো মানুষের বুকের ভেতরেই ওঠে....
© নওশীন