07/01/2026
নিউজিল্যান্ডের এই অদ্ভুত দৃশ্যটি কি আপনি আগে কখনো দেখেছেন?
নিউজিল্যান্ডের ওটাগো অঞ্চলের কার্ড্রোনা ভ্যালি রোড দিয়ে যাওয়ার সময় হুট করে চোখে পড়বে এক অদ্ভুত দৃশ্য—মাইলের পর মাইল তারের বেষ্টনীতে ঝুলে আছে হাজার হাজার রঙিন অন্তর্বাস (ব্রা)। এটিই বিশ্বের অন্যতম বিচিত্র পর্যটন কেন্দ্র 'কার্ড্রোনা ব্রা ফেন্স'। তবে এই মজার দৃশ্যটির পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস এবং একটি মহৎ উদ্দেশ্য।
(১৯৯৮-১৯৯৯) এই অদ্ভুত প্রথাটির শুরু হয় ১৯৯৮ সালের বড়দিন এবং ১৯৯৯ সালের নতুন বছরের মাঝামাঝি সময়ে। একদিন সকালে স্থানীয়রা হঠাৎ দেখেন রাস্তার পাশের একটি তারের বেষ্টনীতে চারটি ব্রা ঝুলে আছে। কারা এটি করেছিল তা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে লোকমুখে প্রচলিত আছে একদল নারী নতুন বছরের পার্টি শেষে ফেরার পথে মজার ছলে এগুলো সেখানে ঝুলিয়ে রেখে গিয়েছিলেন।শুরুটা নিছকমজা দিয়ে হলেও দ্রুতই তা পর্যটকদের নজরে আসে।১৯৯৯ সালের ফেব্রুয়ারির মধ্যেই ব্রা-এর সংখ্যা ৬০ ছাড়িয়ে যায়। পর্যটকরা নিউজিল্যান্ডের এই পথ দিয়ে যাওয়ার সময় তাদের অন্তর্বাস সেখানে রেখে যাওয়াকে একটি রীতিতে পরিণত করেন।
সবাই অবশ্য বিষয়টিকে সহজভাবে নেননি। অনেকে একে "চোখের বিষ" মনে করতেন এবং রাতের আঁধারে বেশ কয়েকবার সব ব্রা কেটে ফেলা হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতবারই পরিষ্কার করা হয়েছে ব্রা গুলি ততোবারই তার কয়েকদিনের মধ্যেই দ্বিগুণ উৎসাহে সাধারণ মানুষ সেখানে আরও বেশি ব্রা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।২০১৫ সাল থেকে এই স্থানটি একটি বিশেষ মোড় নেয়। বর্তমানে একে দাপ্তরিক ভাবে ‘ব্রাড্রোনা’ (Bradrona) নামে ডাকা হয়। এটি এখন আর কেবল স্রেফ বিনোদনের জায়গা নয় বরং স্তন ক্যান্সার সচেতনতা (Breast Cancer Awareness) তৈরির একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের দেশে কি এমন কোনো সচেতনতামূলক উদ্যোগের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন?
বেড়াটির পাশেই রয়েছে একটি দানবাক্স যেখানে পর্যটকরা তাদের ইচ্ছামতো অর্থ সহায়তা করতে পারেন। সংগৃহীত এই টাকা প্রতি বছর নিউজিল্যান্ডের স্তন ক্যান্সার ফাউন্ডেশনে দান করা হয়।
আপনি যদি কুইন্সটাউন থেকে ওয়ানাকা যাওয়ার পরিকল্পনা করেন তবে পথে একবার কার্ড্রোনা ভ্যালিতে বিরতি নিতে ভুলবেন না। পাহাড়ের কোলে এই রঙিন আর বিচিত্র দৃশ্যটি আপনার ভ্রমণের অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করবে।
কত কিছু দেখার বাকি,জানার বাকি,শেখার বাকি।
- Zia Raihan