04/07/2021
ক্যাশ অন ডেলিভারির নামে যে কাস্টমারেরা প্রতারণা করে থাকেন, এর সমাধান বাণিজ্য মন্ত্রণালয় কীভাবে করবে? বাংলাদেশের ই-কমার্স সাইটগুলোতে প্রায় ৪৫ শতাংশ ভুয়া অর্ডার পড়ে থাকে, যা এ খাতের ব্যবসায়ীদের জন্য একটি গুরুতর হুমকি। অগ্রীম মূল্য পরিশোধ করা থাকলে আমাদের আচরণ হয় একরকম, আর মূল্য পরিশোধ করা না থাকলে আমাদের আচরণ হয় সম্পূর্ণ ভিন্ন রকম। কোনো কাস্টমার যখন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন, তখন নিচের ঘটনাগুলো ঘটে থাকে:
১। পার্সেল কুরিয়ারে বুকিং দেয়া হয়েছে। কুরিয়ারের খরচও ই-কমার্স কোম্পানি বহন করেছে। পার্সেল কাস্টমারের নিকটস্থ শাখায় পৌঁছার পর আর কাস্টমারের খবর নেই। সে আর ফোন ধরে না। পার্সেলও সংগ্রহ করে না।
২। কাস্টমার হঠাৎ ফোন ধরে বলবে, আমি অর্ডার ক্যান্সেল করেছি (আসলে সে অর্ডার ক্যান্সেল করে নি, ক্যান্সেল করলে পার্সেল পাঠানোই হতো না)।
৩। আমি এখন নিতে পারবো না। আমার কাছে টাকা নেই। এ পর্যায়ে যদি বলা হয়, পার্সেলটি পাঠাতে আমাদের ১৫০ টাকা লেগেছে, ফেরত আনতে আরও ১৫০ টাকা লাগবে, তখন বলবে- আপনাদেরটা আপানারা বুঝেন। আমি কোনো টাকা দিতে পারবো না।
৪। কখন অর্ডার করেছিলাম? কী অর্ডার করেছিলাম? মনে পড়ছে না তো। আচ্ছা একটা ছবি পাঠান, দেখি কী অর্ডার করেছি। ছবি পাঠানোর পর আর কাস্টমার ফোন ধরবে না।
৫। ঢাকার ভেতরের ঠিকানা হলে ডেলিভারিম্যানের জান নাকাল। কাস্টমার ফোন ধরে বলবে, আজ না, কাল আসেন। কাল গেলে বলবে, আজ না, পরশু আসেন। পরশু গেলে বলবে, আমি তো অর্ডার ক্যান্সেল করেছি।
৬। অমুক সময়ে পার্সেল নিয়ে আসেন। আমি এখন বাসায় নেই। অমুক সময়ে গেলে বলবে, এই ঠিকানায় না, অফিসের ঠিকানায় অফিস টাইমে আসেন। অফিস টাইমে অফিসের ঠিকানায় গেলে আর ফোন ধরবে না।
৭। অর্ডার ভেরিফাই করার জন্য ফোন দিলে বলবে, আমি তো অর্ডার করি নাই, আমার নামে অন্য কেউ করছে।
৮। আমি এখন ঢাকার বাহিরে আছি। ঢাকায় এসে ফোন দেবো। এই ফোন আর কখনো আসে না।
প্রতিটি ভুয়া অর্ডারে প্রায় ২০০ থেকে ১২০০ টাকার আর্থিক ক্ষতি হয়। প্যাকেজিং খরচ, ডেলিভারি খরচ, রিটার্ন খরচ, বিজ্ঞাপন খরচ, কর্মীদের পারিশ্রমিক, ইত্যাদি আমলে নিলে এসব প্রতারণামূলক ভুয়া অর্ডারের বিপরীতে যে টাকা ব্যয় হয়, তা সামাল দিতে প্রতিষ্ঠানগুলোকে চড়া দামে পণ্য বিক্রি করতে হয়। এই রিস্ক ফ্যাক্টরগুলো না থাকলে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আরও কম দামে পণ্য বিক্রি করতে পারতো।
পৃথিবীর কোনো সভ্য দেশে এ ধরণের কাস্টমার খুঁজে পাওয়া যাবে না।
সবাই ইভ্যালির প্রতারণা নিয়ে লিখছে, আমি একটু আমাদের কিছু কাস্টমারদের চরিত্র নিয়ে লিখলাম। এদের কাছ থেকে অন্তত ২০% মূল্য অগ্রীম না নিয়ে পার্সেল পাঠানো উচিত নয়।
লেখা: Mohiuddin mohammad