24/04/2025
শার্লক হোমসের নিমন্ত্রণে বেকার স্ট্রিটে এক বিকেল।
লন্ডনের বাতাসে একধরনের পুরনো বইয়ের গন্ধ থাকে, ঠিক সেই গন্ধ যেটা শার্লক হোমসের গল্পের পাতায় লেগে থাকত। এ শহরে পা রাখার পর থেকেই আমার ভেতরে এক অদ্ভুত টান কাজ করছিল—২২১বি বেকার স্ট্রিটের দিকে। যেন আর্থার কোনান ডয়েল নিজে আমায় ডাকছেন: “চলো, এবার দেখে নাও কল্পনার সেই জগতটা কেমন করে সত্যি হয়ে দাঁড়িয়ে আছে।”
লন্ডনের সে বিকেলটা ছিল ধূসর, বৃষ্টির পর গায়ে লেগে থাকা হালকা শীত, আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু বিষণ্ন ট্যাক্সি—সব মিলে এক রহস্যময় আবহ, যেন প্রকৃতি নিজেই কোনো অপরাধ তদন্তের অপেক্ষায়।
কল্পনায় যতবার এই ঠিকানায় এসেছি, ততবারই দরজা খুলে দাঁড়িয়েছে হাডসন ম্যাডাম কিংবা পেছন থেকে শোনা গেছে ওয়াটসনের গলা। কিন্তু এবার সত্যি! সামনে কাঠের গাঢ় বাদামি দরজার ওপরে সাদা কাঁচে লেখা “221B”—জানা ঠিকানা, অথচ দেখা হয়নি কখনো।
হাতের ছাতার নিচে দাঁড়িয়ে আমি তাকিয়ে ছিলাম সেই দরজার দিকে, যার নামমাত্র পরিচিতি একসময় কেবল বইয়ের পাতায় ছিল। দরজার ওপরে সাদা কাঁচে লেখা “221B”—মনে হচ্ছিল, কিশোরবেলায় পড়া সেই রাতগুলোর ঘুমচুরি করা ঠিকানাটা এবার আমার চোখের সামনে জেগে উঠেছে।
টিকিট কেটে ঢুকতেই মনে হল, আমি একটা টাইম মেশিনে করে চলে এসেছি উনিশ শতকে। কুশনের ওপর রাখা ডিয়ারস্টকার টুপি, দেয়ালে ঝোলানো ম্যাগনিফায়িং গ্লাস আর এক কোণে রাখা হুকাহ—সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে, মনে হচ্ছিল হোমস বুঝি একটু আগেই উঠে গেছে চেয়ার ছেড়ে। হোমসের বিখ্যাত চেয়ারটা দেখে আমার কাঁধে ঠেকল কল্পনার স্পর্শ—আচ্ছা, এখানেই কি বসে তিনি তার ‘বিজ্ঞানসম্মত অনুমান’ দিয়ে রহস্যের জট খুলতেন?
ঘরের দেয়ালে ঝোলানো হোমসের হ্যাট, ওয়াটসনের হাতে লেখা নোটবুক, ফায়ারপ্লেসের পাশে রাখা তার বেহালা—সব মিলিয়ে মনে হল, আমি আর কেবল দর্শক নই, আমি এই জগতেরই কেউ।
হোমসের চেয়ারে বসেছিলাম আমি। চেয়ারটা ছিল একধরনের সময়ের সিংহাসন, যেখানে বসে মানুষ কোনো নগর নয়, রহস্য শাসন করত। জানালার পাশ থেকে যখন রোদ পড়ছিল ঘরের ভেতরে, মনে হচ্ছিল, সে রোদের মধ্য দিয়েই হোমসের ছায়া এখনো ঘরে ঘুরে বেড়ায়। কোথাও হয়তো তার দীর্ঘ আঙুলে জ্বলছে পাইপ, কোথাও বাজছে সেই একটানা বেহালার সুর, যে সুরে লন্ডনের ছাদভরা ধোঁয়া আর মানুষের জটিলতা একসূত্রে বাঁধা পড়ে।
মেঝেতে রাখা পুরোনো ট্রাঙ্কের ভেতর পাওয়া গেল কেস ফাইল, যেখানে হ্যান্ডরাইটিংয়ে লেখা ওয়াটসনের নোট। যেন হঠাৎ করেই সাহিত্যের ছাপা অক্ষরগুলো থ্রিডি হয়ে আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পাশের রুমে গিয়ে দেখা মিলল অ্যানাটমিক্যাল মডেল, অস্ত্রশস্ত্রের সংগ্রহ আর কিছু কুখ্যাত কেসের বাস্তব অবয়ব। ডাক্তারের মেডিক্যাল যন্ত্রপাতি থেকে শুরু করে টেস্ট টিউবে রাখা অজানা কেমিক্যাল—সব যেন জুড়ে দিচ্ছে এক বাস্তব-অবাস্তবের মাঝের সেতু।
ঘরের কোণে দাঁড়িয়ে থাকা মোমের মূর্তির দিকে তাকিয়ে আমি হঠাৎ থমকে গিয়েছিলাম। মোরিয়ার্টির চোখের চাহনি আজও তীক্ষ্ণ, ঠান্ডা, তবু অদ্ভুতভাবে জীবন্ত। যেন শতবর্ষ ধরে সেই দৃষ্টি সময়কে বিদ্ধ করে রেখেছে, ঠিক যেমন হোমস করত অপরাধের অন্তর্নিহিত রহস্যটিকে।
সে যেন চোখে চোখ রেখে বলছে, “তুমি কি সত্যিই সব জানো, মি. হোমস?”
আমার ভ্রমণ যেন শুধুই এক জাদুঘর দেখা নয়, বরং এক সাহিত্যের অলিগলি ঘুরে বেড়ানো। সেই রাত্রিগুলো মনে পড়ল—যখন টেবিল ল্যাম্পের নিচে বসে, বইয়ের পাতায় হারিয়ে যেতাম বেকার স্ট্রিটে। আর আজ, এতদিন পর, সেই ঠিকানায় দাঁড়িয়ে মনে হল—যে গল্পগুলোকে সত্যি বলে কখনো ভাবিনি, তারা আসলে ঠিকই ছিল। শুধু অপেক্ষা করছিল, কেউ একজন এসে চোখে দেখে যাক তাদের বাস্তব অস্তিত্ব।
ভ্রমণ শেষে যখন বের হয়ে এলাম, তখন মনে হল আমি যেন কোনো কল্পনার কাফেলায় কিছুক্ষণ সময়ের জন্য যাত্রী হয়ে ছিলাম।
রাস্তায় নামতেই লন্ডনের সেই চিরচেনা ভিড়, গাড়ির শব্দ, আধুনিকতার কোলাহল—সবই ছিল, তবু আমার ভেতর তখনো বেজে চলেছে বেহালার এক অলৌকিক সুর।
সাহিত্যের চরিত্ররা কখনো মরে না। তারা বাস করে মোমের ঘরে, কাঠের চেয়ারে, কিংবা আমাদের বুকের ভিতর। শার্লক হোমস হয়তো কাগজে জন্মেছিল, কিন্তু তার স্মৃতি, তার ঘর, তার জগত—সবই দাঁড়িয়ে আছে চিরন্তন এক রহস্য হয়ে।
২২১বি বেকার স্ট্রিটে একদিন আমি শুধু এক দর্শক হয়ে যাইনি, আমি যেন নিজেই হয়ে উঠেছিলাম ওয়াটসন—হোমসের ছায়ার পাশে দাঁড়িয়ে সময়ের পেছনে হাঁটা একজন সহযাত্রী।
লিখা - আসিফ মাহেদী