20/07/2020
CESC Limited-এর গতকালের বিবৃতি আরও বিভ্রান্তি বাড়াচ্ছে
CESC গতকাল সন্ধ্যেবেলা বিবৃতি জারি করে বলেছে যে, “বিগত দুই মাসের টাকা যে বর্তমান বিলে অন্তর্ভুক্ত আছে, তা সমস্ত লো-ভোল্টেজ গৃহস্থ্ গ্রাহকদের ক্ষেত্রে আপাতত মুলতুবি রাখা হচ্ছে”। এই বিবৃতি বিভ্রান্তিকর এবং তা বর্ধিত বিল নিয়ে সমস্যার সুরাহার পরিবর্তে আরো বেশি বিভ্রান্তির সৃষ্টি করেছে।
CESC তাদের বিবৃতিতে আরো বলেছে যে, “গ্রাহকদের এখন শুধুমাত্র বর্তমান মাসে তারা যত টাকার বিদ্যুৎ খরচ করেছেন সেই টাকা দিতে হবে”। কিন্তু CESC-র পাঠানো সর্বশেষ বিলে বর্তমান মাসে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করা হয়েছে তার হিসেব দেওয়া নেই।
মে-জুন মাসের যেই বিল প্রকৃত মিটার রিডিং-এর ভিত্তিতে পাঠানো হয়েছে সেখানে মোট বিদ্যুৎ খরচের মাসিক হিসেব দেওয়া হয়নি। বরং, যেখানে বর্তমান মিটার রিডিং বিলে লেখা রয়েছে, সেখানে বিগত মিটার রিডিং কত ছিল তা ইচ্ছাকৃতভাবে অনুল্লেখিত রাখা হয়েছে। তাই, বিদ্যুতের কত ইউনিট খরচ হল, তা বাবদ কত টাকা ধার্য করা হল, সেই হিসেবের ভিত্তি রহস্যাবৃত রয়েছে। এই রহস্য আরো বাড়বে যদি গ্রাহকদের বলা হয় শুধুমাত্র বর্তমান মাসের বিদ্যুৎ খরচের টাকা মেটাতে, কারণ বর্তমান মাসে ঠিক কতটা বিদ্যুৎ গ্রাহকেরা খরচ করেছেন তা কেউ জানে না।
তদুপরি, গত মাসেই কিছু এলাকার CESC গ্রাহকেরা ইতিমধ্যেই এহেন রহস্যাবৃত, বিভ্রান্তিকর এবং বর্ধিত বিল পেয়েছেন, এপ্রিল-মে মাসের সাপেক্ষে। অনেকে এই বিলের টাকা মিটিয়েও দিয়েছেন। এখন CESC কোন পদ্ধতিতে এই গ্রাহকদের বিল সংশোধন করবে? কেন CESC-র বিদ্যুৎ খরচের হিসেব ঠিক করে না করতে পারার মূল্য গৃহস্থ্য গ্রাহকদের চোকাতে হবে?
এখন CESC Limited-এর কী করা উচিত?
১। অবিলম্বে মে-জুন এবং এপ্রিল-মে মাসের বিল গৃহস্থ্য গ্রাহকদের জন্য বাতিল করতে হবে।
২। এই সময়ের জন্য নতুন বিল গ্রাহকদের পাঠাতে হবে যেখানে মিটার রিডিং, মাসিক বিদ্যুৎ খরচ ও তার দাম, স্ল্যাব বেনেফিট এবং সরকারী করের হিসেব স্বচ্ছভাবে গণনা করা আছে।
আমরা রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ামক সংস্থার কাছে নিম্নের দাবিগুলি রাখছিঃ
১। বর্তমানে বিদ্যুৎ ইউনিট খরচের যে স্ল্যাবগুলি আছে তা অচল হয়ে গেছে। ২৫ ইউনিট থেকে প্রথম স্ল্যাব বাতিল করতে হবে এবং প্রথম ২০০ ইউনিট অবধি বিনামূল্যে ভর্তুকিযুক্ত বিদ্যুৎ গৃহস্থ্য গ্রাহকদের ক্ষেত্রে সুনিশ্চিত করতে হবে।
২। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে CESC-র একচেটিয়া ব্যবসার অবসান ঘটাতে হবে। এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আরও প্রতিযোগিতা চালু করতে হবে।
এই দাবিসমূহের পক্ষে, আমরা সমস্ত গৃহস্থ্য CESC গ্রাহকদের আগামী ২৪ জুলাই ২০২০, শুক্রবার, বেলা ৩টের সময় CESC সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে একটি বিক্ষোভ সভা এবং গণশুনানিতে অংশগ্রহণ করার আবেদন রাখছি।
স্বাক্ষর:
বিদ্যুৎ মাসুলবৃদ্ধি বিরোধী নাগরিকবৃন্দের পক্ষে
প্রসেনজিৎ বসু
২০.০৭.২০২০