12/05/2026
মক্কা নগরীতে এক আল্লাহভীরু যুবক বাস করতেন। অভাব-অনটনে তাঁর জীবন ছিল খুবই কষ্টের। একদিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় তিনি মক্কার রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ পথের পাশে একটি দামী গয়নার হার পড়ে থাকতে দেখলেন।
চাইলেই তিনি সেটি নিজের কাজে লাগাতে পারতেন। কিন্তু তাঁর অন্তরে ছিল আল্লাহর ভয়। তাই হারটি নিয়ে তিনি হারাম শরীফে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, এক ব্যক্তি হারিয়ে যাওয়া সেই হারটির জন্য ব্যাকুল হয়ে খোঁজ করছেন।
যুবকটি ভালোভাবে যাচাই করে হারটি মালিকের হাতে ফিরিয়ে দিলেন। মালিক খুব খুশি হয়ে তাঁকে বড় অংকের পুরস্কার দিতে চাইলেন। কিন্তু যুবকটি বিনয়ের সাথে তা ফিরিয়ে দিলেন। তিনি মনে মনে দোয়া করলেন,
“হে আল্লাহ! আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই আমানত ফিরিয়ে দিলাম। আপনি আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন।”
কিছুদিন পর জীবিকার সন্ধানে তিনি সমুদ্রপথে সফরে বের হলেন। কিন্তু মাঝ সমুদ্রে ভয়াবহ ঝড়ে নৌকা ডুবে গেল। সবাই মারা গেলেও আল্লাহর রহমতে যুবকটি একটি কাঠের তক্তা ধরে ভেসে রইলেন। শেষ পর্যন্ত তিনি এক দ্বীপে পৌঁছালেন।
সেখানে একটি মসজিদ ছিল। দ্বীপের মানুষরা লেখা-পড়া জানত না। যুবকটির সুন্দর কুরআন তিলাওয়াত ও জ্ঞান দেখে তারা মুগ্ধ হলো। তারা তাঁকে শিশুদের কুরআন ও লেখা শেখানোর দায়িত্ব দিল।
ধীরে ধীরে তিনি সবার প্রিয় মানুষ হয়ে উঠলেন। একসময় গ্রামের লোকেরা তাঁকে বলল,
“আমাদের এখানে এক নেককার ধনী ব্যক্তি ইন্তেকাল করেছেন। তাঁর একটি এতিম মেয়ে আছে। আপনি যদি তাকে বিয়ে করে এখানেই থাকেন, তবে আমরা খুব খুশি হব।”
যুবকটি প্রস্তাবে রাজি হলেন।
বিয়ের রাতে তিনি ঘরে প্রবেশ করে বিস্মিত হয়ে গেলেন। নববধূর গলায় তিনি সেই একই গয়নার হার দেখতে পেলেন যেটি বহু বছর আগে মক্কায় কুড়িয়ে পেয়েছিলেন!
তিনি অবাক হয়ে হারটির কথা জিজ্ঞেস করলেন। তখন নববধূ বলল,
“এই হারটি আমার বাবার ছিল। একবার মক্কায় হারিয়ে গিয়েছিল। এক সৎ মানুষ তা কুড়িয়ে পেয়েও কোনো পুরস্কার না নিয়ে বাবার হাতে ফিরিয়ে দিয়েছিলেন। সেই থেকে বাবা সবসময় দোয়া করতেন,
‘হে আল্লাহ! সেই সৎ মানুষটিকেই যেন আমার মেয়ের স্বামী বানান।’ ”
এ কথা শুনে যুবকের চোখ ভিজে গেল। তিনি বললেন,
“আমিই সেই মানুষ।”
আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ কোনো কিছু ত্যাগ করলে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম প্রতিদান দেন।
জীবনে কষ্ট, অভাব ও অন্ধকার আসতেই পারে। কিন্তু অনেক সময় সেই কষ্টের আড়ালেই লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত, যা মানুষ কল্পনাও করতে পারে না।
- Salman Farsi
সূত্র: মিন আজাইবিদ দু’আ